নায়ক রাজ – বেঁচে থাকুন আমাদের অন্তরে

একদিকে সংসার চালানোর টাকা জোগাড় করা, অন্যদিকে নিজের স্বপ্ন বাস্তবায়নের তীব্র আকাঙ্ক্ষা। ছোট্ট একটা ক্যারেক্টারের জন্য ছুটছি আমি। দেখা করলাম মণি বোসের সঙ্গে। এহতেশাম, মোস্তাফিজ, সুভাষ দত্ত, সৈয়দ আওয়ালসহ অনেকের সঙ্গে। কেউ পাত্তা দিলেন না। যখন আমি সহকারী পরিচালক হিসেবে কাজ করছিলাম তখন বেশ কিছু পরিচালকের ছবিতে ছোট ছোট কিছু চরিত্রে অভিনয় করেছি। ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘আখেরী স্টেশন’ ছবিটি যারা দেখেছেন, তাদের নিশ্চয়ই মনে আছে ছবির স্টেশন মাস্টারের কথা। ওইটাই ছিল ঢাকায় আমার অভিনীত প্রথম ছবি।

 

তিনি বাংলার নায়ক রাজ। সেলুলয়েডের ফিতায় রাজ রাজ্জাকের অসংখ্য চরিত্র অমর হয়ে আছেন দর্শকের হৃদয়ে। আজ সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

 

 

১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের কলকাতার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রাজ্জাক-যার পুরো নাম আব্দুর রাজ্জাক। কলকাতার থিয়েটারে অভিনয় করার মাধ্যমে রাজ্জাক তার অভিনয় জীবনের শুরু করেন।

 

সিনেমার নায়ক হওয়ার অদম্য স্বপ্ন ও ইচ্ছা নিয়ে রাজ্জাক ১৯৫৯ সালে ভারতের মুম্বাইয়ের ফিল্মালয়তে সিনেমার ওপর পড়াশুনা ও ডিপ্লোমা গ্রহণ করেন। এরপর কলকাতায় ফিরে এসে শিলালিপি ও আরও একটি সিনেমায় অভিনয় করেন। তবে ১৯৬৪ সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গার কবলে পড়ে রাজ্জাক তার পরিবার পরিজন নিয়ে ঢাকায় চলে আসতে বাধ্য হন।

 

প্রতিভাবন পরিচালক জহির রায়হান তার লোক ছবি ‘বেহুলা’তে রাজ্জাককে লখিন্দরের ভূমিকায় অভিনয় করার সুযোগ করে দেয়ার মধ্যদিয়ে প্রথম নায়ক হিসেবে অভিনয় করেন তিনি।  ৬০-এর দশকের শেষ থেকে ’৭০ ও ’৮০-এর দশকে জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন রাজ্জাক-অভিনয় করেন ৩ শ’-এরও বেশি চলচ্চিত্রের নায়কের ভূমিকায়। রাজ্জাক অভিনিত জননন্দিত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘নীল আকাশের নীচে, ময়নামতি, মধু মিলন, পীচ ঢালা পথ, যে আগুনে পুড়ি, জীবন থেকে নেয়া, কী যে করি, অবুঝ মন, রংবাজ, বেঈমান, আলোর মিছিল, অশিক্ষিত, অনন্ত প্রেম, বাদী থেকে বেগম ইত্যাদি।